...|...|...

বিশ্ব

কূটনীতি ব্যর্থ হলে রণক্ষেত্রে স্বার্থ রক্ষা করবে ইরান: কামালভান্দি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ৮:০৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, রাত ৮:০৪
Shares
কূটনীতি ব্যর্থ হলে রণক্ষেত্রে স্বার্থ রক্ষা করবে ইরান: কামালভান্দি

ছবি: সংগৃহীত

কূটনৈতিক আলোচনা সফল হলে সমঝোতার পথেই এগোবে ইরান। তবে আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ ও অধিকার নিশ্চিত করা সম্ভব না হলে শক্তি প্রয়োগের মাধ্যমে তা রক্ষা করতে প্রস্তুত তেহরান। এমন বার্তাই দিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র ও উপপ্রধান বেহরুজ কামালভান্দি। তিনি বলেছেন, কূটনীতি ও প্রতিরোধ পরস্পরের বিরোধী নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষায় একে অপরের পরিপূরক।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, রবিবার (১১ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে কামালভান্দি বলেন, ইরান তার অধিকার ও স্বার্থ রক্ষায় অবিচল থাকবে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে স্বার্থ রক্ষা করা গেলে সেটিই হবে সবচেয়ে ভালো পথ। অন্যথায়, শক্তি ও দৃঢ়তার সঙ্গে রণক্ষেত্রে নিজেদের অধিকার নিশ্চিত করবে দেশটি।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে ইরান যেসব সুবিধা আদায় করতে পারেনি, অন্য কোনো দেশকে সেগুলো শক্তি প্রয়োগ করে কেড়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি সম্ভাব্য সংঘাত মোকাবিলার প্রস্তুতিও থাকবে।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরানের সরে আসার সম্ভাবনা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন কামালভান্দি।

তিনি দাবি করেন, আইএইএর সঙ্গে ইরান ব্যাপক সহযোগিতা বজায় রাখলেও রাজনৈতিক প্রভাবের কারণে সংস্থাটি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। ইরানের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, এসব পদক্ষেপের শক্তিশালী আইনি ভিত্তি ছিল না। তাঁর মতে, এতে শুধু ইরানের ক্ষতিই হয়নি, বরং আইএইএর বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনপিটি থেকে সরে আসার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে ইরানের পার্লামেন্টকে আলোচনায় যুক্ত করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় পর্যালোচনার পর প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন কামালভান্দি।