...|...|...

তথ্যপ্রযুক্তি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার বিডিজবসের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৭
Shares
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার বিডিজবসের

ডার্ক ওয়েবে বাংলাদেশিদের সিভি। ছবি : সংগৃহীত

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডারক্স’ পরিচয়ধারী একটি হ্যাকার গোষ্ঠী। তাদের দাবি, এসব সিভি দেশের জনপ্রিয় চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে বিডিজবস কর্তৃপক্ষ।

রোববার (২৩ আগস্ট) ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। 

পোস্টে হ্যাকার গোষ্ঠীটি দাবি করে, তাদের কাছে বিডিজবসের ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি রয়েছে। এসব সিভিতে নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণসংক্রান্ত তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়, প্রতিটি সিভির একটি কপির দাম এক হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে বলেও উল্লেখ করা হয়। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের নাম দেওয়া হয়েছে।

দাবির সমর্থনে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে হ্যাকার গোষ্ঠীটি। নমুনাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বেশির ভাগ সিভিই পুরোনো। এর মধ্যে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির সংখ্যা বেশি।

প্রকাশিত ১৪৮টি সিভির মধ্যে দুজনের সাথে কথা বলেছে দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যম। তারা দুজনই বেসরকারি চাকরিজীবী এবং কয়েক বছর আগে বিডিজবসে নিজেদের সিভি আপলোড করেছিলেন বলে জানিয়েছেন।

ব্যক্তিগত তথ্য ফাঁস হলে যে ঝুঁকি

এ ধরনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও প্রযুক্তিবিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, একটি সিভিতে থাকা নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য একসাথে পাওয়া গেলে সাইবার অপরাধীরা একজন ব্যক্তির বিস্তারিত ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে।

তার মতে, এসব তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি এবং আর্থিক প্রতারণার মতো অপরাধ ঘটতে পারে।

তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার বিডিজবসের

তবে ব্যবহারকারীদের তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর। তিনি বলেন, শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তথ্য সুরক্ষার পাশাপাশি কারা চাকরিপ্রার্থীদের প্রোফাইল দেখতে পারবেন, সে বিষয়েও নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।

ফাহিম মাশরুর জানান, বিডিজবসে নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। তবে এসব তথ্য কেবল নিয়োগপ্রক্রিয়ার কাজে ব্যবহারের অনুমতি রয়েছে।

তিনি বলেন, কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা অপব্যবহার করলে এবং বিষয়টি বিডিজবস কর্তৃপক্ষকে জানানো হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।