...|...|...

ক্যাম্পাস

ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১০
Shares
ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন

ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে বাড়িতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের হামলা চালানো হয়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর এই নেতা।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, তার বাড়িতে হামলার ঘটনা সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল দুর্বৃত্ত তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনে বাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেও বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে ঘটনার আগে পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।

ডাকসু নেতা মোসাদ্দেক গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে আগুন দেওয়ার পর আজ সকালেও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তবে তার পরিবারের সদস্যরা নিরাপদ রয়েছেন। হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় তুলনামূলক কম ভাঙচুরের সুযোগ পেয়েছে হামলাকারীরা।

নিজের ফেসবুক স্ট্যাটাসেও ঘটনার কথা তুলে ধরেছেন মোসাদ্দেক। সেখানে তিনি লেখেন, আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।

তিনি বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে তারা। এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ।