...|...|...

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসীরাও দিতে পারবেন ভোট

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৮
Shares
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসীরাও দিতে পারবেন ভোট

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

বিদেশে অবস্থান করেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন সংশ্লিষ্ট আসনের প্রবাসী ভোটাররা। আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহীদের ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু থাকবে। বিদেশে অবস্থানরত এ আসনের ভোটাররা নতুন করে নিবন্ধনের মাধ্যমে এ সুবিধা নিতে পারবেন।

যারা পোস্টাল ভোট দিতে পারবেন

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধন অনুযায়ী চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা হলেন—

বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার;
নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী;
কারাগারে বা আইনগত হেফাজতে থাকা ভোটার;
নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী।

তবে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুবিধাটি প্রবাসী ভোটারদের ক্ষেত্রে শুধু ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট ভোটারদের জন্য প্রযোজ্য হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ৩৩টি দেশে অবস্থানরত ৩৮৬ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছিলেন। এবার অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সর্বোচ্চ ৫০০ জন প্রবাসী ভোটারের জন্য প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি।

দেশের ভেতরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দিদের জন্যও পোস্টাল ভোটের ব্যবস্থা থাকছে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রবাসী হিসেবে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটারদের সাথেও যোগাযোগ করবে নির্বাচন কমিশন। প্রয়োজন অনুযায়ী ই-মেইল, হোয়াটসঅ্যাপ কিংবা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে তাদের উপনির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে সম্মতি নেওয়া হবে।

সম্মতি পাওয়া গেলে নিবন্ধনের সময় দেওয়া বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানোর ব্যবস্থা করা হবে। আর যারা আগে নিবন্ধন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে নিবন্ধন করতে পারবেন।

অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসী ভোটারদের বিদেশে বর্তমানে যে ঠিকানায় অবস্থান করছেন, সেটিই দিতে হবে। বাংলাদেশের কোনো ঠিকানা ব্যবহার করা যাবে না। ঠিকানা ইংরেজিতে পূরণ করতে হবে। রাস্তা, ভবন, ব্লক, শহর, স্টেট বা প্রভিন্সসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। একই সাথে পোস্টাল বা জিপ কোডও নির্ভুলভাবে উল্লেখ করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এ কারণে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসনটিতে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র ও ৯৮৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

পোস্টাল ভোটের এই সুবিধার ফলে বিদেশে অবস্থানরত যোগ্য ভোটাররা দেশে না ফিরেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।