ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি নতুন কিছু নয়, বরং এটি ওয়াশিংটনের দীর্ঘদিনের “জবরদস্তিমূলক কৌশলের” অংশ।
রবিবার (২৩ আগস্ট) এক মন্তব্যে আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ একটি পুনরাবৃত্তিমূলক নীতি, যা এর আগেও বহুবার দেখা গেছে।
তিনি বলেন, “অর্থনৈতিক যুদ্ধ মার্কিন নীতির একটি পুনরাবৃত্তিমূলক দৃশ্য এবং সেই একই পুরোনো জবরদস্তির কৌশল। এটি একটি পরিচিত চলচ্চিত্র, যা আমরা বহুবার দেখেছি এবং আমরা জানি এর মোকাবিলা কীভাবে করতে হয়।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক হুমকি এবং সম্ভাব্য হামলার আলোচনা প্রমাণ করে যে ওয়াশিংটন ইরানের বিষয়ে “মরিয়া” হয়ে উঠেছে।
আরাঘচির দাবি, ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে “কোনো নতুন সমাধান নেই”। তিনি বলেন, অতীতের মতো এবারও ইরান এই ধরনের চাপ মোকাবিলা করতে সক্ষম।


