...|...|...

বিশ্ব

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৭
Shares
ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেওয়ার সব সম্ভাবনা সরাসরি খারিজ করে দিয়েছেন ‘ইয়েস এইড’ বা ইয়ার পার্টির শীর্ষ নেতা গাদি আইজেনকোট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে অনুরোধ জানালেও তিনি নেতানিয়াহুর জোটে ভিড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

কান-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন আইজেনকোট। বেনামি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ওই বৈঠকে আইজেনকোট দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আমি কোনোভাবেই নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে বসব না।

মার্কিন হস্তক্ষেপের গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যদি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান, তবে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে আমি অবশ্যই বৈঠকে যোগ দেব। তবে সাক্ষাৎকালে তাকে আমি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেব যে, এটি ইসরায়েলের একান্তই অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে বাইরের কোনো ধরনের হস্তক্ষেপ আমি হতে দেব না।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বিস্তৃত ও জাতীয় ঐক্যের সরকার গঠনের আগ্রহ প্রকাশ করার পরই মূলত আইজেনকোটের এমন অনমনীয় মনোভাব সামনে এল। তবে নেতানিয়াহু শর্ত জুড়ে দিয়েছেন যে, নতুন গঠিতব্য সরকারের নেতৃত্ব একমাত্র তাকেই দিতে হবে। একই সাথে দেশটির প্রভাবশালী দুই আরব দল—‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’-এর ওপর সম্পূর্ণ বা আংশিক নির্ভর করে কোনো জোট সরকার গঠনের সম্ভাবনাও তিনি জোরালোভাবে নাকচ করে দিয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন লাভ করেছে। অন্যদিকে ইহুদি নেতৃত্বাধীন বিরোধী রাজনৈতিক দলগুলো পেয়েছে ৪৮টি আসন এবং আরব দলগুলো দখল করেছে ১৯টি আসন। ফলে ১২০ সদস্যের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুকরী সংখ্যা গরিষ্ঠতা কোনো পক্ষই এককভাবে অর্জন করতে পারেনি।

এমন রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নাফতালি বেনেটের ‘টুগেদার পার্টি’, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ এবং আভিগদর লিবারম্যানের ‘ইসরাইল বেইতেনু’ পার্টি আগামী সরকার গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের জন্য গাদি আইজেনকোটের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে আরব দলগুলোর সম্ভাব্য সমর্থন যুক্ত হলে আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হতে পারে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

তবে মূল জটিলতা তৈরি হয়েছে অন্য জায়গায়। কট্টরপন্থি নেতা লিবারম্যান আরব দলগুলোকে জোটে অন্তর্ভুক্ত করে বা তাদের প্রত্যক্ষ সমর্থনের ওপর ভিত্তি করে গঠিত হতে যাওয়া যেকোনো সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন, যা বিরোধী জোটের সরকার গঠনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

আগামী বুধবার থেকে পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার কথা রয়েছে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের। তার ঠিক আগে, মঙ্গলবারই নিজেদের পরবর্তী কৌশল ও অবস্থান চূড়ান্ত করতে বৈঠকে বসার কথা রয়েছে বিরোধী দলীয় শীর্ষ নেতাদের।