এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশ দল প্রত্যাশিত সাফল্য না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।
আজ বুধবার (৭ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের হালনাগাদকৃত সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে চমৎকার বোলিং করে ১০ ধাপ এগিয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। বোলারদের তালিকায় তিনি উঠে এসেছেন নবম স্থানে। এর আগে তার সেরা অবস্থান ছিল অষ্টম। অন্যদিকে, তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অষ্টম স্থানে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
লেগ স্পিনার রিশাদ হোসেন দুই ম্যাচেই ১টি করে উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬ নম্বরে।
ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪২ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রানের ইনিংসে ভর করে ৩ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। র্যাঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান ৩০তম। ব্যাটিংয়ে চার ধাপ পিছিয়ে যৌথভাবে ২১ নম্বরে থাকলেও বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে রয়েছেন ওপেনার তানজিদ হাসান।
এ ছাড়া অলরাউন্ডারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদী। এই ক্যাটাগরিতে তার ওপরে বাংলাদেশের আর কোনো অলরাউন্ডার নেই।


