...|...|...

খেলা

২০২৭ বিশ্বকাপের সূচি ঘোষণা বৃহস্পতিবার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৮
Shares
২০২৭ বিশ্বকাপের সূচি ঘোষণা বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

আগামী ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি উন্মোচন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর এক বছর আগে সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধন ও ব্যালট প্রক্রিয়াও চালু করা হবে।

আগেই জানা গেছে, ২০২৭ বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন ‘গান্ধী জয়ন্তী’তে। টুর্নামেন্টের পর্দা নামবে ২১ নভেম্বর।

বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইপর্বের কাট-অফ তারিখে ১০টি দলের জায়গা নিশ্চিত হওয়ার কথা। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা করে নেবে আরও আটটি দল। বাকি চার দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। সূচিতে তাদের পরিচয় থাকবে ‘কোয়ালিফায়ার ১’, ‘কোয়ালিফায়ার ২’, ‘কোয়ালিফায়ার ৩’ ও ‘কোয়ালিফায়ার ৪’ হিসেবে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি নামিবিয়াও আয়োজক দেশগুলোর একটি। তবে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

বর্তমান ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে বিশ্বকাপে জায়গা পাওয়ার পথে রয়েছে। বর্তমানে ভারতের অবস্থান এক নম্বরে, নিউজিল্যান্ড দুইয়ে, পাকিস্তান চারে, অস্ট্রেলিয়া পাঁচে, ইংল্যান্ড ছয়ে, শ্রীলঙ্কা সাতে, আফগানিস্তান আটে এবং বাংলাদেশ নয় নম্বরে।

বাংলাদেশ নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পাওয়ায় র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্বে। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই বাছাইপর্ব।

এদিকে বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিটের ব্যালট প্রক্রিয়া শুরু করবে আইসিসি। তবে ১ অক্টোবর থেকেই টিকিট কেনা যাবে না। ওই দিন থেকে আগ্রহী দর্শকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। পরবর্তী ধাপে ব্যালটের মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ তৈরি হবে।