...|...|...

খেলা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

একই গ্রুপে ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১০:১৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:০৯
Shares
একই গ্রুপে ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

২০২৭ সালের বহুল প্রতীক্ষিত ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত ‘গ্রুপ এ’-তে একসাথে পড়েছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

অন্যদিকে বাংলাদেশের স্থান হয়েছে ‘গ্রুপ বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘গ্রুপ এ’-তে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

আর ‘গ্রুপ বি’-তে বাংলাদেশের সঙ্গী সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং একটি কোয়ালিফায়ার দল। আফ্রিকান মহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ১৪ দলের এই বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

এছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি মূল পর্বে নাম লেখাল। তবে বড় ধাক্কা খেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ; সরাসরি সুযোগ না পাওয়ায় আয়ারল্যান্ড ও অন্যান্য দেশের সঙ্গে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বাছাইপর্বের পরীক্ষায় নামতে হবে ক্যারিবীয়দের।

বিশ্বকাপের লড়াই জমানো ও নতুন আমেজ আনতে এবার তিন ধাপের জটিল ফরম্যাট চালুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। প্রথমে ১৪ দলের মধ্য থেকে নিচের ৩ দল নিয়ে হবে ‘সুপার সিরিজ’, যেখান থেকে ১টি দল মূল ১২ দলে যুক্ত হবে।

এরপর ৬টি করে দল নিয়ে দুই গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দলগুলোকে নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’ পর্ব। সেখানে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে এবং শেষপর্যন্ত বিজয়ী দুই দল লড়াই করবে মহারণের ফাইনালে।