পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এর মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের আগের রেকর্ড।
শনিবার (১৪ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে টস করতে নেমে এই কীর্তি গড়েন সূর্যবংশী। ভারতের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তখন তার বয়স ছিল ১৫ বছর ২৩২ দিন।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ। ২০২৫ সালে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার তার চেয়ে দুই বছরের বেশি কম বয়সে অধিনায়কত্ব করে সেই কীর্তি নিজের করে নিলেন সূর্যবংশী।
এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের তাইমুর আলী। ২০০৯ সালে ১৭ বছর ৩৫৮ দিন বয়সে ঘরোয়া টি-টোয়েন্টিতে কোয়েটা বিয়ার্সের অধিনায়কত্ব করেন তিনি। চতুর্থ স্থানে তানজানিয়ার লক্ষ বারকানিয়া, যিনি কেনিয়ার বিপক্ষে টসের সময় ১৮ বছর ৫ দিন বয়সী ছিলেন। পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের নোমান আমজাদ। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৮ বছর ২৪ দিন।
সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যবংশী। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বিহারকে নেতৃত্ব দেওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই সুযোগের জন্য আমি খুবই কৃতজ্ঞ।’
তবে ব্যাট হাতে ম্যাচটি ভালো কাটেনি তরুণ এই ক্রিকেটারের। ১২ বলে ১৮ রান করে পঞ্চম ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হন তিনি।
গত সপ্তাহে সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য দল ঘোষণার সময় বিহারের অধিনায়ক হিসেবে সূর্যবংশীর নাম জানানো হয়। যদিও পুরো টুর্নামেন্টে তাকে অধিনায়ক হিসেবে পাওয়া যাবে না। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া রাইজিং স্টারস এশিয়া কাপে অংশ নিতে শিগগিরই দল ছাড়বেন তিনি।
এর আগে চলতি বছরের শুরুতে দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সূর্যবংশী। সেই দলের অধিনায়ক ছিলেন ঈশান কিষান। তবে এত অল্প বয়সে তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তখন আলোচনা-সমালোচনা হয়েছিল।
এমনকি ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও বিষয়টি নিয়ে নিজের মত জানিয়েছিলেন। রেডিটে এক প্রশ্নোত্তর পর্বে তিনি লিখেছিলেন, ‘আমার মনে হয়, দুলীপ ট্রফিতে সহ-অধিনায়ক হওয়া তার জন্য খুব তাড়াতাড়ি। তাকে আরও লাল বলের ম্যাচ খেলতে দিতে হবে। এক ধাপ করে এগোতে হবে।’



