প্রযুক্তি দুনিয়ার শীর্ষ উদ্যোক্তারা কী পরেন, সেটি কি শুধুই ব্যক্তিগত পছন্দের বিষয়? নাকি পোশাকের মাধ্যমেও তারা নিজেদের ক্ষমতা, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থান তুলে ধরেন? সিলিকন ভ্যালির বড় নামগুলোর দিকে তাকালে দেখা যায়, অনেকের পোশাকই সময়ের সাথে তাদের পরিচয়ের অংশ হয়ে উঠেছে।
অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের কালো টার্টলনেক, নীল জিনস ও নিউ ব্যালান্সের জুতা একসময় তার ব্যক্তিগত ব্র্যান্ডের অংশ হয়ে উঠেছিল। পরবর্তী সময়ে প্রযুক্তি দুনিয়ার আরও অনেক উদ্যোক্তা নিজেদের জন্য তৈরি করেছেন আলাদা পোশাক-পরিচয়। কেউ সাধারণ টি-শার্টে স্বচ্ছন্দ, কেউ দামি ডিজাইনার পোশাকে, আবার কেউ চামড়ার জ্যাকেটকেই করেছেন নিজের স্বাক্ষর।
এই তালিকায় এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ বক্তৃতা, সংবাদ সম্মেলন, ভিডিও কনফারেন্স কিংবা ব্যক্তিগত সময়—সব জায়গাতেই তাকে প্রায়ই চামড়ার জ্যাকেটে দেখা গেছে।
৬৩ বছর বয়সী হুয়াংয়ের পছন্দের পোশাকের মধ্যে রয়েছে কুমিরের চামড়ার নকশাযুক্ত টম ফোর্ডের প্রায় ৯ হাজার ডলারের একটি জ্যাকেট। বাইকার জ্যাকেটের আদলে তৈরি বিশেষ কলারযুক্ত আরও একটি জ্যাকেটও তার পরিচিত পোশাকের অংশ।
তবে শুধু হুয়াং নন, প্রযুক্তি বিশ্বের আরও কয়েকজন আলোচিত ব্যক্তির পোশাক তাদের জনপরিচিতির সাথে এমনভাবে মিশে গেছে যে তা অনেক সময় তাদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের ধরন নিয়েও আলাদা বার্তা তৈরি করে।
এলিজাবেথ হোমস
থেরানোসের প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের কালো টার্টলনেক প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত পোশাকগুলোর একটি। বিনিয়োগকারীদের সাথে প্রতারণার দায়ে বর্তমানে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।
একসময় বিশ্বের সর্বকনিষ্ঠ নারী বিলিওনিয়ার হিসেবে পরিচিত হোমস ২০১৪ সালে ফোর্বস সাময়িকীর প্রচ্ছদেও জায়গা পান। তখন তার পরনে ছিল স্টিভ জবসের আদলে কালো হালকা টার্টলনেক, সিগারেট ট্রাউজার ও একই রঙের ভেস্ট।
শুধু পোশাক নয়, তার চুল ও মেকআপেও ছিল নির্দিষ্ট ধরন। অগোছালো স্বর্ণালি চুল নিচু করে খোঁপা, চোখের নিচে হালকা কনসিলার, মোটা কালো আইলাইনার এবং লাল লিপস্টিক—এসব মিলেই তৈরি হয়েছিল তার পরিচিত লুক।
নিজের প্রতিষ্ঠানে ক্ষমতা ও কর্তৃত্বের ভাবমূর্তি তৈরিতে হোমস স্টিভ জবসের পোশাকের ধরন অনুসরণ করেছিলেন বলে মনে করা হয়। তবে পরবর্তী সময়ে সেই সাজই ব্যঙ্গ-বিদ্রূপের বিষয় হয়ে ওঠে। চলতি বছর নাথান ফিল্ডারের তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’ প্রকাশের পর হ্যালোইনের সাজেও হোমসের পরিচিত লুক দেখা গেছে।
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গের পোশাকেও সময়ের সাথে বড় পরিবর্তন এসেছে। একসময় তার পরিচয় ছিল সাধারণ ধূসর টি-শার্ট ও আঁটসাঁট জিনসের মধ্যে। পোশাকের পেছনে সময় নষ্ট না করে নতুন কিছু ভাবায় ব্যস্ত—তার এমন ভাবমূর্তির সাথে এই সাজ বেশ মানিয়ে গিয়েছিল।
কিন্তু ২০২৪ সাল থেকে জাকারবার্গের পোশাকে বদল দেখা যায়। ছোট চুলের বদলে কিছুটা লম্বা ও কোঁকড়ানো চুল রাখেন তিনি। গলায় রুপার চেইন এবং শরীরে ঢিলেঢালা ডিজাইনার টি-শার্ট পরতে শুরু করেন।
এসব টি-শার্টের হাতা ছোট হলেও সাইজ এতটাই বড় যে বাহুর অনেকটা অংশ ঢেকে যায়। সম্প্রতি তাকে মোটা শিয়ারলিং কোটেও দেখা গেছে।
মেটাকে ঘিরে সমালোচনা বাড়ার সময়ে জাকারবার্গের এই পরিবর্তনকে কেউ কেউ তাকে আরও সহজ ও সাধারণ মানুষের কাছাকাছি করে উপস্থাপনের চেষ্টা হিসেবে দেখছেন।
জেফ বেজোস
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পোশাকেও বড় পরিবর্তন এসেছে। শুরুর দিকে তাকে সাধারণ ও কিছুটা ঢিলেঢালা স্যুটে দেখা যেত।
এখন তার পছন্দ শরীরের সাথে মানানসই পোলো শার্ট ও অ্যাভিয়েটর সানগ্লাস। সাম্প্রতিক পোশাকে যেন ‘আয়রন ম্যান’ ও ‘মিশন: ইমপসিবল’ সিনেমার চরিত্রের মিশ্রণ দেখা যায়। ডিজাইনার পোশাকের সাথে তার পেশিবহুল শরীরও স্পষ্টভাবে ফুটে ওঠে।
ইলন মাস্ক
ইলন মাস্কের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পোশাক-ধারা চিহ্নিত করা তুলনামূলক কঠিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার পোস্টের মতোই সাজেও নিয়মিত পরিবর্তন দেখা যায়।
কখনো স্পেস কাউবয়ের সাজ, কখনো ম্যাগা গথিক, আবার কখনো ব্যঙ্গাত্মক গ্রাফিক টি-শার্টে দেখা গেছে তাকে।
অন্য প্রযুক্তি উদ্যোক্তাদের মতো মাস্কের পোশাকে স্থায়ী কোনো ‘ইউনিফর্ম’ নেই। লেখকের দৃষ্টিতে, তার এই পরিবর্তনশীল সাজ তার অনিশ্চিত ও দ্রুত বদলে যাওয়া ব্যক্তিত্বের প্রতিফলন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ৪৪ কোটি ৬০ লাখ ডলার অনুদান ব্যয়, সাইবারট্রাকের উৎপাদন বন্ধের উদ্যোগ এবং তাকে নিয়ে সমালোচনামূলক নতুন চলচ্চিত্র—বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছেন মাস্ক।
একবার হোয়াইট হাউসে তাকে কালো সানগ্লাস, গথিক ঘরানার ‘ম্যাগা’ লেখা বেসবল ক্যাপ ও লম্বা কালো কোট পরেও হাজির হতে দেখা যায়।
স্যাম অল্টম্যান
ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের পোশাকে এখনো বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। অন্য প্রযুক্তি ধনকুবেরদের তুলনায় তার সাজ অনেকটাই সাধারণ।
প্রয়োজনে স্যুট পরলেও বেশির ভাগ সময় জিনস, ট্রেইনার জুতা ও গোল গলার সোয়েটারেই দেখা যায় তাকে।
লেখকের মতে, অল্টম্যান এখনো যেন ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার সময়কার অগোছালো প্রযুক্তি উদ্যোক্তাদের ধারায় আছেন। তবে চ্যাটজিপিটির ব্যবসায় বিপুল অর্থ আসার পর ভবিষ্যতে তার পোশাকেও পরিবর্তন দেখা যেতে পারে। জাকারবার্গ বা বেজোসের মতো একসময় তিনিও স্টাইলিস্টের সহায়তায় নতুন লুক বেছে নিতে পারেন।
জেনসেন হুয়াং
প্রযুক্তি দুনিয়ায় পোশাকের আলাদা পরিচিতি তৈরির ক্ষেত্রে জেনসেন হুয়াংয়ের চামড়ার জ্যাকেট অন্যতম উদাহরণ।
হুয়াং জানিয়েছেন, তার স্ত্রী লরি হুয়াং ও মেয়ে পোশাক বেছে দিতে সাহায্য করেন। অর্থাৎ তার পরিচিত স্টাইল তৈরিতে পরিবারেরও ভূমিকা রয়েছে।
দীর্ঘদিন ধরে একই ধরনের পোশাক পরে আসছেন তিনি। ২০২১ সালে টাইম সাময়িকীর প্রচ্ছদেও তাকে চামড়ার জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়।
চলতি বছরের জুলাইয়ে তার ব্যবহৃত ও স্বাক্ষর করা একটি টম ফোর্ড জ্যাকেট সোথেবি’সের নিলামে ৯ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়।
হুয়াংয়ের এই সাজকে কেউ কেউ আত্মবিশ্বাস ও কর্তৃত্বের প্রতীক হিসেবেও দেখেন। এনভিডিয়ার তৈরি ডেটা প্রসেসিং চিপ এআই প্রযুক্তির দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চ্যাটজিপিটিসহ ভবিষ্যতের বহু এআই প্রযুক্তির সাথে কোম্পানিটির ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ফলে প্রযুক্তি দুনিয়ায় হুয়াংয়ের আলাদা অবস্থান তৈরি হয়েছে।
শেষ পর্যন্ত সিলিকন ভ্যালির শীর্ষ ব্যক্তিদের পোশাকের গল্প শুধু ফ্যাশনে সীমাবদ্ধ নয়। কারও পোশাকে ফুটে ওঠে ক্ষমতা ও কর্তৃত্ব, কেউ নিজেকে সাধারণ মানুষের কাছাকাছি তুলে ধরতে চান, আবার কারও পোশাক তার ব্যক্তিত্বের মতোই নিয়মিত বদলে যায়।
প্রযুক্তি ও ব্যবসায়িক সাফল্য তাদের পরিচয়ের মূল ভিত্তি হলেও, সেই পরিচয়ের সবচেয়ে দৃশ্যমান অংশগুলোর একটি হয়ে উঠেছে পোশাক।


