...|...|...

সারাদেশ

টানা ৯০ দিন জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৯
Shares
টানা ৯০ দিন জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

টানা ৯০ দিন জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল পেলেন ৩২ কিশোর। ছবি: টাইমস টুডে

শিশু-কিশোরদের মসজিদমুখী করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ফেনীর ছাগলনাইয়ার একটি মসজিদ পরিচালনা কমিটি। টানা তিন মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের অভ্যাস গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ৩২ কিশোরকে দেওয়া হয়েছে নতুন বাইসাইকেল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডুমুরিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী।

আয়োজকরা জানান, ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং মসজিদকেন্দ্রিক সামাজিক ও ধর্মীয় পরিবেশে তাদের সম্পৃক্ত করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য। সেই উদ্দেশ্যে টানা ৯০ দিন নিয়মিত জামাতে নামাজ আদায়ের শর্ত দেওয়া হয়। শর্ত পূরণকারী ৩২ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।

নতুন বাইসাইকেল হাতে পেয়ে কিশোরদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। এই পুরস্কার শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং অন্যদেরও নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অংশগ্রহণকারী অনেকেই ভবিষ্যতেও জামাতে নামাজ আদায় অব্যাহত রাখার পাশাপাশি বন্ধুদেরও মসজিদমুখী করার প্রত্যয় জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে এমন উদ্যোগ অনুকরণীয় হতে পারে। পুরস্কারের মাধ্যমে ইতিবাচক অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের সাথে মসজিদের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি ছালেহ আহাম্মদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আলহাজ মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার ও হাফেজ মাওলানা মো. আরমান।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব হাজারী সবুজ, সিরাজ উল্লাহ পারভেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদারসহ সংশ্লিষ্টরা।