...|...|...

জাতীয়

জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:১২
Shares
জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

বিদ্যুৎ ও শিল্প খাতের জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চার কার্গো এলএনজি সরবরাহ করবে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর, বিপি সিঙ্গাপুর ও ভিটল এশিয়া।

এর মধ্যে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর একটি কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ মার্কিন ডলার এবং অপর কার্গোর জন্য ২৩ দশমিক ৯৮ ডলার দর দিয়েছে। বিপি সিঙ্গাপুরের একটি কার্গোর দর ২৮ দশমিক ০৩ ডলার এবং ভিটল এশিয়ার একটি কার্গোর দর ২৬ দশমিক ৬৬ ডলার।

কার্গোভেদে এলএনজির দরে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিশেষ করে একই সরবরাহকারী আরামকো ট্রেডিং সিঙ্গাপুরের দুটি কার্গোর দরের মধ্যে পার্থক্য প্রায় ৩ দশমিক ৫৬ ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সরকারি ক্রয়বিধিমালা অনুযায়ী আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে এসব এলএনজি আমদানি করা হচ্ছে।

দেশে গ্যাসের সরবরাহ-সংকটের কারণে বিদ্যুৎ ও শিল্প খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে আমদানি করা এলএনজির মাধ্যমে গ্যাসের ঘাটতি পূরণের চেষ্টা করছে সরকার।

তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়েছে। একই সঙ্গে এলএনজি সংগ্রহ করাও আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে।