...|...|...

সারাদেশ

জ্বালানি খাতে ছয় মাসে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি: বিদ্যুৎমন্ত্রী

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ১১:২২
Shares
জ্বালানি খাতে ছয় মাসে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি: বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি সংকটে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থায় রয়েছে। গত ছয় মাসে বিএনপি সরকার দেশের জ্বালানি খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এভাবে ভর্তুকি দিতে থাকলে দেশে সামাজিক ও উন্নয়নমূলক কোনো কাজ করা কঠিন হয়ে পড়বে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ চালু করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে অংশ নিতে ইতোমধ্যে ২৫ হাজার মানুষ আবেদন করেছেন। বর্তমান মেয়াদের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন করতে চায় সরকার। আর দেশের মানুষ আরেকবার সুযোগ দিলে আগামী ১০ বছরের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, এর মাধ্যমে গ্রাহকেরা নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে আয়ও বাড়াতে পারবেন। এ বিষয়ে ইতোমধ্যে একটি আইন তৈরি করা হয়েছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আইনটি পাস করা হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিক্রি করে দেশ শোষণ করেছেন। লাল-সবুজের পতাকাকে অবমাননা করেছেন। কেউ মুক্তিযুদ্ধ ও লাল-সবুজের পতাকাকে অবমাননা করলে কষ্ট হয়।’

দেশের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। লোকে তাই বলে, বিএনপি আমলের আইএ পাস আওয়ামী লীগ আমলের এমএ পাসের সমান।’

সভায় উপস্থিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ওসিরা গত ১৭ বছর বিরোধী দলকে ভীষণভাবে দমন করেছেন। এখন আর কিছু না হলেও আগামী প্রজন্ম ও দেশকে মাদক থেকে রক্ষার জন্য সেভাবেই একটু জেগে উঠুন।’

মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশ মাদকে সয়লাব হয়ে যাচ্ছে। এ বিষয়ে শুধু সরকারের ওপর দায় দিয়ে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’

সভায় স্থানীয় সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, আগামী দিনে পর্যায়ক্রমে নাটোরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ হলো গরিবের সুন্দরী মেয়ের মতো। বাংলাদেশের দিকে অনেক রাষ্ট্রের লোলুপ দৃষ্টি রয়েছে। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।’

নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছমা খাতুনসহ অন্যরা।