মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বৈদ্যপাড়া এলাকার ‘তহুরা মঞ্জিল’ নামের তিনতলা ভবনটিতে হামলা চালায় ৪০ থেকে ৫০ জনের একটি দল। এ সময় ভবনের জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি নিচতলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ওই বাসভবনে সন্ধ্যার দিকে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, একদল বিক্ষুব্ধ ব্যক্তি সড়কে জড়ো হয়ে ভবনটিতে প্রবেশ করে। পরে তারা জানালার কাচ ভাঙচুর করে এবং নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে নিচতলার কক্ষটির পাশাপাশি ভেতরে থাকা আসবাবপত্রও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির একটি অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের ছোট ভাই জিয়াউর রহমান বিপ্লব। তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।
ভবনটির অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না। মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান জানান, “পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি।”


