প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ভোর থেকে বৃষ্টি হচ্ছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও সামান্য ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার আশঙ্কা নেই। এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। আগামী এক থেকে দুই দিন উপকূলসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় সামান্য ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বুধবার দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরায় প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। নভেম্বর মাসে শীতের আমেজ শুরু হওয়ায় আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।
এদিকে, বৃষ্টির কারণে সাতক্ষীরার জনজীবনেও প্রভাব পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের চলাচল ও যানবাহন কম ছিল। বৃষ্টির সাথে শীতের অনুভূতিও বাড়ছে। অনেকে এখন থেকেই শীতের পোশাক প্রস্তুত রাখার কথা ভাবছেন।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পাশাপাশি উপকূলের বেড়িবাঁধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের। সাতক্ষীরার শ্যামনগরসহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে বা উপচে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, শ্যামনগরের বিভিন্ন স্থানে বাঁধ কেটে পাইপ বসিয়ে চিংড়িঘেরে লবণপানি তোলা হচ্ছে। এতে বাঁধের মাটি সরে গিয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে। পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা জামে মসজিদ, খুটিকাটা, খেয়াঘাট, ঝাপা ও কামালকাটি এলাকায় বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে বলেও তাদের দাবি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা উপকূলে তাদের দুটি বিভাগের আওতায় মোট ৬৮৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বিভাগ-১-এর আওতায় ৩৮৩ কিলোমিটার এবং বিভাগ-২-এর আওতায় ৩০০ কিলোমিটার। বিভাগ-২-এর আওতায় আশাশুনির ৭/১ ও ৭/২ পোল্ডারের ৯০ কিলোমিটার বাঁধের মধ্যে ২৫ থেকে ৩০ কিলোমিটার অংশকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের সাথে বৃষ্টি যুক্ত হলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সংস্কারে বড় প্রকল্প প্রয়োজন। পদ্মপুকুরে বাঁধ কেটে বসানো পাইপ অপসারণের কার্যক্রম হাইকোর্টে মামলা চলার কারণে আপাতত বন্ধ রয়েছে। তবে নির্দিষ্ট পাইপের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপকূলবাসীর দাবি, দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ বাঁধের অংশগুলো মেরামত, বাঁধ কেটে পাইপ বসিয়ে লবণপানি উত্তোলনের অভিযোগ তদন্ত এবং স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে জোয়ার বা ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও প্লাবিত হতে পারে উপকূলের জনপদ।


