...|...|...

সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ৮:০৯
Shares
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে আগুন।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘা উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িটিতে ৫-৬ জনের একটি দল ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চকসিংগা গ্রামের স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।

তিনি বলেন, ‘সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের বাড়ির প্রাচীর টপকিয়ে ৫-৬ জনের একটি দল ভেতরে প্রবেশ করে বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে চলে যায়। এরপর আমরা স্থানীয়রা আগুন নিভিয়ে দেই। তবে যারা আগুন দিয়ে চলে গেছে, তারা কেউ আড়ানী বা আশেপাশের লোক না। তাদের সবাইকে বহিরাগত মনে হয়েছে।’

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি শাহরিয়ার আলমের এই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে বাড়িটিতে আর কেউ বসবাস করেন না।