বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পূর্বাচলের বাড়িতে অভিযান চালিয়ে ৯৯ কোটি টাকার রসিদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তার স্ত্রী নুসরাত জাহানের নামে পাওয়া যায় চার কোটি টাকার সোনালী ব্যাংকের একটি চেক এবং এক ভরি ওজনের হোয়াইট গোল্ড (সাদা স্বর্ণ)।
গত সোমবার (২০ জুলাই) ঢাকার পূর্বাচলে জিয়ার ডুপ্লেক্স ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওইসব সম্পদ উদ্ধার করে জব্দ করেছে দুদক। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২০ সদস্যের টিমের ওই অভিযানে নেতৃত্ব দেন তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে উপস্থিত থাকা একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। অভিযান চলাকালে খুঁজতে খুঁজতে জিয়ার স্ত্রী নুসরাজ জাহানের নামে চার কোটি টাকার একটি চেক পাওয়া যায়। কোন ক্ষেত্রে ঘুষের টাকা বাবদ চেকটি পেয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সময় চেকটি নিজের ব্যাংক হিসাবে জমা দেওয়ার সুযোগ পাননি তিনি।
এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান এ আই ইন্টারন্যাশনালের নামে ৯৯ কোটি ৩১ লাখ টাকার রসিদ পাওয়াকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন ওই অভিযানের সাথে যুক্ত এক কর্মকর্তা। তিনি বলেন, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বাসভবনে প্রায় একশ কোটি টাকার ‘মানি রিসিট’ থাকার কথা নয়। অভিযানের সময় এ আই ইন্টারন্যাশনাল সংক্রান্ত দলিল ও যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়।
তিনি আরও বলেন, নজরদারি সংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোনের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এটি কোথা থেকে আনা হয়েছে, কেন আনা হয়েছে- তদন্তে এসব তথ্য বের করা হবে।
ওইদিন অভিযান চালিয়ে আরও সাড়ে চারশ রকমের মূল্যবান পণ্য সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে পোশাক, শাড়ি, গহনা, দামি আসবাবপত্র, ইলেক্ট্রনিক সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

