...|...|...

বিশ্ব

পাকিস্তান জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫১
Shares
পাকিস্তান জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের ওপর অতিরিক্ত ‘পেট্রোলিয়াম লেভি’ প্রত্যাহারের দাবিতে রাজধানী ইসলামাবাদমুখী ‘লং মার্চ’ স্থগিত রাখতে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সাথে বিষয়টি নিয়ে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, করাচি থেকে শুরু হওয়া জামায়াতের এই ট্রেন মার্চ সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে মুলতানে পৌঁছালে শাহবাজ শরিফ সরাসরি হাফিজ নাঈমকে ফোন করেন। এ সময় প্রধানমন্ত্রী মার্চটি স্থগিতের অনুরোধ জানান।

জবাবে জামায়াতের আমির স্পষ্ট জানিয়ে দেন, সরকারকে সংঘাত বা আইনশৃঙ্খলা সংকটে ফেলা তাদের উদ্দেশ্য নয়; তবে জনগণের ন্যায্য দাবি ও প্রতিবাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। শাহবাজের প্রস্তাবের পর দলের কেন্দ্রীয় শুরা কমিটির সাথে আলোচনার ভিত্তিতে লং মার্চ স্থগিতের সিদ্ধান্ত নেয় দলটি।

মুলতানে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে হাফিজ নাঈম বলেন, ‘রাস্তায় কনটেইনার ফেলে কিংবা বাধা দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। পেট্রোলিয়াম লেভির নামে থাকা চাঁদাবাজির কর প্রত্যাহার করতে হবে।’

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ করে তিনি গম, আটা ও চিনির মূল্যবৃদ্ধির সমালোচনা করেন এবং রাজনীতিকদের ওপর ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবিতে রবিবার (২০ সেপ্টেম্বর) করাচি থেকে ঐতিহাসিক এই লং মার্চ শুরু করেছিল জামায়াতে ইসলামী। মুলতান থেকে লাহোর হয়ে তাদের শেষ ধাপে রাজধানীতে ঢোকার কর্মসূচি ছিল।

তবে স্থগিত হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিন্ন রূপরেখায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতৃত্ব।