জাপানের ওকিনাওয়া দ্বীপে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাঁকে গ্রেফতা করা হয়। এ ঘটনায় জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সদস্যদের অপরাধসংক্রান্ত উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ওকিনাওয়া প্রিফেকচার পুলিশের এক মুখপাত্র জানান, শনিবার ভোর ৩টা ৯ মিনিটের দিকে ওকিনাওয়া শহরের একটি সড়কে গাড়ি চালানোর সময় ২৭ বছর বয়সী ওই মার্কিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহ রয়েছে।
জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, গ্রেফতার কর্মকর্তা ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন। তবে এ বিষয়ে বিমানঘাঁটির কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মাত্র এক সপ্তাহ আগে ওকিনাওয়ায় মার্কিন সামরিক সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নতুন কিছু পদক্ষেপ গ্রহণে একমত হয় টোকিও ও ওয়াশিংটন। সম্প্রতি এক মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই দুই দেশ অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা গত সপ্তাহে জানান, নিম্নপদস্থ সামরিক সদস্যদের ওপর আরোপিত কারফিউ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। একই সাথে সব মার্কিন সামরিক সদস্যের জন্য মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত নিজ বাসস্থানের বাইরে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে।
তবে গ্রেফতার মার্কিন ক্যাপ্টেন এসব বিধিনিষেধ লঙ্ঘন করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ওকিনাওয়া পুলিশ।
জাপানে বর্তমানে প্রায় ৫৪ হাজার মার্কিন সামরিক সদস্য মোতায়েন রয়েছেন, যাদের অধিকাংশই ওকিনাওয়ায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে সেখানে মার্কিন সেনাসদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ দুই ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র জাপান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


