...|...|...

জাতীয়

জানুয়ারিতে নতুন বই, ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১২ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৮
Shares
জানুয়ারিতে নতুন বই, ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত তদারকি করছেন। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

নতুন বইয়ের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার বই ছাপানোর ক্ষেত্রে উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারে বিশেষ নজর দেওয়া হয়েছে। নিম্নমানের হওয়ায় ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।