জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ২৭ আগস্ট ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এসব কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্মসূচির অংশ হিসেবে ১২ ভাদ্র সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন। সকাল ৬টা ৪৫ মিনিটে সেখান থেকে শোভাযাত্রা সহকারে জাতীয় কবির সমাধির উদ্দেশে যাত্রা করা হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।
পরে কবির সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর স্মারক বক্তৃতা প্রদান করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)।
এ ছাড়া জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ ভাদ্র বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে (মসজিদুল জামিয়া) কোরআনখানি অনুষ্ঠিত হবে।


