ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি রক্ষার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে আগ্রাসন ও বিভিন্ন চাপের মধ্যেও জনগণের চাহিদা পূরণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি।
মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি এসব কথা বলেন। ১৯৮১ সালের ৩০ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভেদ বাহোনারকে স্মরণ করে প্রতি বছর এ সপ্তাহ পালন করা হয়।
বার্তায় খামেনি বলেন, মার্কিন-ইসরায়েলি চাপ, নিষেধাজ্ঞা ও বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যেও সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা সরবরাহ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং জ্বালানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, গত কয়েক মাসে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সময় ইরানি জনগণ তাদের সাহস ও দৃঢ়তা দেখিয়েছে। তাই জনগণের প্রয়োজন পূরণে প্রশাসনের বিভিন্ন বিভাগের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
ইরানের সর্বোচ্চ নেতা মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেন। তিনি উৎপাদন বৃদ্ধি, অর্থনীতিতে মার্কিন ডলারের প্রভাব কমানো এবং দেশীয় উৎপাদনের ওপর নির্ভরতা বাড়ানোর আহ্বান জানান।


