...|...|...

চট্টগ্রাম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রশিক্ষণে রাঙামাটিতে পুলিশের এপিসি

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫১
Shares
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রশিক্ষণে রাঙামাটিতে পুলিশের এপিসি

আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)। ছবি: টাইমস টুডে

রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এসব তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে বিষয়টি পরিষ্কার করেছে রাঙামাটি জেলা পুলিশ।

গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই এসব এপিসি রাঙ্গামাটিতে আনা হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে নির্ধারিত কার্যক্রম পরিচালনা করা হবে।

জেলা পুলিশের তথ্যমতে, আগামী ১৫ দিন রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষ হওয়ার পর আনুমানিক দুই সপ্তাহের মধ্যে এপিসিগুলো ঢাকায় ফিরে যাবে।

পুলিশ আরও স্পষ্ট করে জানিয়েছে, এসব এপিসি স্থায়ীভাবে রাঙ্গামাটিতে মোতায়েন করা হয়নি এবং কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্যও এগুলো আনা হয়নি। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কোনো সুযোগ নেই।

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা ভিডিও দেখেই সেটিকে সত্য ধরে নেওয়া উচিত নয়। তথ্যের সত্যতা যাচাই না করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

এপিসি চলাচলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। এছাড়া কোনো তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সত্যতা যাচাই করা এবং নির্ভরযোগ্য উৎসের তথ্য অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশের এই ব্যাখ্যার পর এপিসি চলাচল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তির অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।