বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে পরিবর্তিত ভেন্যু আল-ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি দলটির পক্ষ থেকে বিএনপি সরকারের গত ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন সিদ্ধান্ত এবং সরকারের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে জামায়াতের অবস্থান তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামী বিরোধী দলের দায়িত্ব পালন করছে। সংসদে বিরোধী দলের অবস্থান থেকে সরকারের বিভিন্ন নীতি ও কার্যক্রম নিয়ে দলটির পক্ষ থেকে নিয়মিত প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক মূল্যায়ন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ বিষয়কে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের আয়োজন করায় সরকারের বিভিন্ন কার্যক্রম, নীতি ও সিদ্ধান্ত নিয়ে জামায়াতের পর্যবেক্ষণ তুলে ধরা হতে পারে।


