...|...|...

বিনোদন

জমকালো ফটোশুট নয়, ভিন্ন সাজে সামান্থার মাতৃত্ব উদযাপন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫২
Shares
জমকালো ফটোশুট নয়, ভিন্ন সাজে সামান্থার মাতৃত্ব উদযাপন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো সিনেমা বা অভিনয় নিয়ে নয়, মাতৃত্বকালীন একটি ছবি ঘিরে ভক্তদের নজর কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে প্রচলিত জমকালো মাতৃত্বকালীন ফটোশুটের ধারায় ভিন্নতা এনেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে।

ছবিতে দেখা গেছে, লাল প্রিন্টের কুর্তা ও সাদা ট্রাউজার পরা সামান্থা সোফায় কুশনের ওপর হেলান দিয়ে আরাম করছেন। চোখে সানগ্লাস, দুই হাত রাখা বেবি বাম্পের ওপর। ছবিটির সাথে মজার ছলে তিনি লিখেছেন, ‘এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট হিসেবে ধরে নিন।’

সামান্থা ও স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সন্তানের আগমন উপলক্ষে রাজের প্রস্তুতির ঝলকও সম্প্রতি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একটি ভিডিওতে দেখা যায়, হবু সন্তানের জন্য বেবি মনিটরের স্ট্যান্ড তৈরি করছেন রাজ।

গর্ভাবস্থায় নিজের শরীরচর্চার অভিজ্ঞতাও নিয়মিত তুলে ধরছেন সামান্থা। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে গর্ভাবস্থার প্রথম মাসে স্কোয়াট করার দৃশ্যের সাথে নবম মাসের একই ব্যায়ামের দৃশ্য জুড়ে দিয়েছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘শেষ ধাপ।’

এর আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সামান্থা। তিনি জানান, ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমার ‘থাসাদিয়া’ গানের শুটিংয়ের সময় প্রথম জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

সামান্থা বলেন, ‘আমি তখন থাসাদিয়া গানের শুটিং করছিলাম। অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি মাত্রই জেনেছিলাম। এরপরও আমাকে নাচের দৃশ্য করতে হয়েছে। তখন কিছুটা অসুস্থতাও বোধ করছিলাম। সবকিছু যেন একসাথে মিলে গিয়েছিল। আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। সবাই বলে, সন্তান জীবনের পুরোটা বদলে দেয়। আমার মনে হয়, সেই পরিবর্তনের জন্য আমি প্রস্তুত।’

যেভাবে শুরু সামান্থা-রাজের প্রেম: ২০২১ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় মৌসুমে প্রথম একসাথে কাজ করেন সামান্থা ও রাজ নিদিমোরু। পরে ২০২৪ সালে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে আবারও একসাথে কাজ করেন তারা। এতে সামান্থার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান।

২০২৪ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায় তাদের। পরে ২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটোরের ঈশা যোগা সেন্টারে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

সামান্থার হাতে নতুন কাজ: সামান্থাকে সর্বশেষ দেখা গেছে ২০২৬ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’-এ। সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও ছিলেন তিনি। এ ছাড়া নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।