জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আজ ২৫ নভেম্বর (বুধবার) এবং শেষ হবে ১০ ডিসেম্বর। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন এর স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ই ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ইউনিট-এ (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ইউনিট-ই (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ইউনিট-বি (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।
এবারের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে নেওয়া হবে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ-তে আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি-তে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। একই সাথে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি-তে আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
অন্যদিকে, চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই-তে আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
ভর্তি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি/সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
এ ছাড়া এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। বিদেশি শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।


