...|...|...

ক্যাম্পাস

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৫
Shares
জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। কর্মসূচির স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত পোস্টটি শেয়ার করেন। একই পোস্ট শেয়ার করেছেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। পোস্টের সাথে নিবন্ধনের জন্য একটি গুগল ফরমের লিংকও দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে নৈশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভও করেন তারা।

ওই ঘটনার পর ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরপরই নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজ কর্মসূচির ঘোষণা সামনে এল।