...|...|...

ক্যাম্পাস

গরুর মাংস রান্না নিয়ে বিতর্কের জেরে জবিতে পশু জবাই নিষিদ্ধ

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৯
Shares
গরুর মাংস রান্না নিয়ে বিতর্কের জেরে জবিতে পশু জবাই নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তমঞ্চে গরুর মাংস রান্না নিয়ে বিতর্কের মধ্যে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে ডিএসসিসির প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের বিজ্ঞপ্তির স্মারক নম্বর জিএসসিসি/পিআরডি/৭৯/২০২৬-২০২৭ উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গরুর মাংস রান্না করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম ব্যাচের একদল শিক্ষার্থী। মুক্তমঞ্চের এক পাশে মসজিদ এবং অন্য পাশে অস্থায়ী পূজা মণ্ডপ থাকায় ঘটনাটি নিয়ে আপত্তি তোলেন সনাতন ধর্মাবলম্বী একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ, মন্দিরের সামনে গরুর মাংস রান্না করা হয়েছে। রান্নার কাজে মন্দিরের ইট ব্যবহারের অভিযোগও তোলেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে ক্যাম্পাসে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে।

তবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে করার পরিকল্পনা ছিল। কিন্তু রান্নার সময় গ্যাসের সংকট দেখা দেওয়ায় তারা মুক্তমঞ্চের খোলা জায়গায় রান্না শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, চুলা তৈরির জন্য আশপাশে থাকা কয়েকটি ইট ব্যবহার করা হয়েছিল। পরে সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থী ইটগুলো মন্দিরের বলে জানালে তারা সেগুলো আর ব্যবহার করেননি। একই সাথে রান্নার স্থানও পরিবর্তন করেন তারা।