...|...|...

খেলা

ছেলেদের পর বাবার দাপট, অভিষেকেই ৭ গোল বেলিংহামের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৭
Shares
ছেলেদের পর বাবার দাপট, অভিষেকেই ৭ গোল বেলিংহামের

ছবি: সংগৃহীত

ছেলেরা যখন ইউরোপের ক্লাব ফুটবলে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন, তখন মাঠে নেমে চমক দেখালেন বাবা মার্ক বেলিংহামও। ইংল্যান্ডের ওভার-৫০ ভেটেরান্স (প্রবীণ) দলের হয়ে অভিষেক ম্যাচেই সাত গোল করেছেন জুড ও জোবে বেলিংহামের বাবা। তার দুর্দান্ত পারফরম্যান্সে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

কেমব্রিজশায়ারে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের আক্রমণভাগে খেলেন ৫০ বছর বয়সী মার্ক। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তার প্রথম ম্যাচ। অভিষেকেই নিজের সামর্থ্যের জানান দিয়ে প্রথমার্ধে ছয়বার প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলেও অবদান রাখেন।

দীর্ঘদিন অপেশাদার ফুটবলে যুক্ত ছিলেন মার্ক। ১৭ বছরের খেলোয়াড়ি জীবনে ২২টি ক্লাবের হয়ে মাঠে নেমেছেন তিনি। তার সাবেক ক্লাবগুলোর মধ্যে রয়েছে লেমিংটন ও ব্রমসগ্রোভ স্পোর্টিং। নব্বইয়ের দশকের শেষ দিকে চেলটেনহ্যাম টাউন ও নিউপোর্ট কাউন্টির হয়েও খেলেছেন তিনি।

২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন মার্ক। তবে এরপরও ভেটেরান্স ফুটবলের সাথে যুক্ত ছিলেন। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরেন তিনি। আর প্রত্যাবর্তনের ম্যাচেই সাত গোল করে আলোচনায় উঠে এসেছেন বেলিংহাম পরিবারের এই কর্তা।

মার্কের এমন পারফরম্যান্সে বেলিংহাম পরিবারের জন্য স্মরণীয় হয়ে উঠেছে সপ্তাহান্তটি। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ক্যারিয়ারের ৫০তম গোলের দেখা পান বড় ছেলে জুড বেলিংহাম।

অন্যদিকে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমে নজর কাড়েন ছোট ছেলে জোবে বেলিংহাম। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ওই ম্যাচে জোবে একটি গোল করলেও সতীর্থ কার্নি চুকউয়েমেকার ফাউলের কারণে সেটি বাতিল করেন রেফারি। জার্মানিতে যোগ দেওয়ার ১৫ মাস পর ডর্টমুন্ডের হয়ে এটিকে তার অন্যতম উল্লেখযোগ্য পারফরম্যান্স হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা।

ফুটবলার হিসেবে দুই ছেলের বেড়ে ওঠার সময় প্রতিটি ধাপেই পাশে ছিলেন মার্ক। বার্মিংহামে শৈশব কাটানো থেকে শুরু করে পেশাদার ফুটবলে প্রতিষ্ঠা পাওয়া পর্যন্ত বাবার সহযোগিতা ও সমর্থনের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন জুড ও জোবে।