...|...|...

রাজধানী

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথে আবারও ছিনতাইয়ের শিকার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১০:৪০
Shares
ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথে আবারও ছিনতাইয়ের শিকার

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথে আবারও ছিনতাইয়ের শিকার। ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করেও নিরাপত্তা পাননি গাউস রহমান পিয়াস নামে এক সাংবাদিক। আগের ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। 

দ্বিতীয় ঘটনায় ছিনতাইকারীরা তাকে মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। এ সময় ছুরি দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমণ্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানটি শেরেবাংলা নগর থানার আওতাধীন।

সাংবাদিক পিয়াস জানান, এর আগে গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন তিনি। ওই ঘটনায় ছিনতাইকারীদের একজন গাড়ি থেকে নেমে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে ২৩ নভেম্বর বিকেলে একই ঘটনায় থানায় মামলা করেন। কিন্তু মামলা করার পরও নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে অভিযোগ তার।

পিয়াস জানান, সোমবার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে ধানমণ্ডি এলাকায় আবারও তার ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আহত করার পাশাপাশি সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে ছুরি দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরপর দুইবার ছিনতাই ও হামলার শিকার হয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা জানিয়েছেন তিনি।