চট্টগ্রামের ওয়াসার মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদারের (২৫) মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল আল আমিন সরকার কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে চাকরিতে যোগ দেন। আল আমিন মাদারীপুর জেলার সদর থানার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে।
জানা গেছে, ওয়াসার মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে তিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে দায়িত্ব পালনকালে একটি বাসের ধাক্কায় ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


