...|...|...

ক্যাম্পাস

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১২:৫২
Shares
চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) একদিনের সর্বাত্মক অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এদিন সব ক্লাস-পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশের কথা বিবেচনা করে তারা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। তবে তাদের সুস্পষ্ট শর্ত ছিল, নবনিযুক্ত উপাচার্যকে তারা মেনে নেননি এবং ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে তার কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে অন্য একজনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য নিজে উপস্থিত না থেকে অন্যের মাধ্যমে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার এ প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হঠকারী সিদ্ধান্ত ক্যাম্পাসের বিদ্যমান পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। নতুন করে অচলাবস্থা তৈরি হলে এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকে নিতে হবে। শিক্ষার্থীদের দাবি ও অবস্থানের প্রশ্নে কোনো আপস করা হবে না। তাদের শর্তের ব্যত্যয় ঘটলে কিংবা প্রশাসনিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে আরও কঠোর শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হবে।

বিবৃতিতে শিক্ষার্থীদের একমাত্র দাবি হিসেবে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের কথা উল্লেখ করা হয়েছে।