...|...|...

বিশ্ব

চীনা এআই ডিপসিককে ‘নিষিদ্ধ’ করল যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৯
Shares
চীনা এআই ডিপসিককে ‘নিষিদ্ধ’ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল বেসামরিক সংস্থাগুলোর নেটওয়ার্ক থেকে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিককে নিষিদ্ধ করা হয়েছে। গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে সোমবার (১৯ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল এক নির্দেশনায় বলেন, ডিপসিকের মডেলগুলো বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। কোম্পানিটির সার্ভার চীনে অবস্থিত হওয়ায় দেশটির আইন অনুযায়ী সরকারি সাইবার ও গোয়েন্দা সংস্থাগুলোর বেসরকারি কোম্পানির অবকাঠামোয় প্রবেশের সুযোগ রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

নির্দেশনায় বলা হয়েছে, ডিপসিকের মাধ্যমে সংবেদনশীল সরকারি তথ্য বিদেশি পক্ষের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। চীনে তথ্য স্থানান্তর করা হলে তা মার্কিন নাগরিক ও সরকারি কর্মসূচি সম্পর্কিত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করতে পারে।

বিভাগটির তথ্য অনুযায়ী, স্বাধীন মূল্যায়নে ডিপসিকের মোবাইল সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা দুর্বলতা এবং ব্যবহারকারীদের ডিজিটাল পরিচয় শনাক্ত করার ঝুঁকি পাওয়া গেছে।

নির্দেশনা অনুযায়ী, ফেডারেল বেসামরিক সংস্থাগুলোকে তাদের নেটওয়ার্ক থেকে অবিলম্বে ডিপসিকের সফটওয়্যার, সংশ্লিষ্ট টুলস এবং এর প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলতে হবে। অনুমোদিত পণ্যের তালিকা থেকেও কোম্পানিটিকে বাদ দিতে হবে।

তবে জরুরি বা গুরুত্বপূর্ণ কার্যক্রমের ক্ষেত্রে কোনো সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) মাধ্যমে ৬০ দিনের মধ্যে লিখিতভাবে ছাড়ের আবেদন করতে পারবে।

সফটওয়্যার অপসারণের আগপর্যন্ত সংস্থাগুলোকে নেটওয়ার্কের কার্যক্রম পর্যবেক্ষণ জোরদার, তথ্য বাইরে পাঠানোর ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং অস্বাভাবিক নেটওয়ার্ক ট্র্যাফিকের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরোধিতা করেছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন জাতীয় নিরাপত্তার ধারণাকে অহেতুক প্রসারিত করা এবং বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও বাণিজ্যকে রাজনীতিকীকরণের বিরোধিতা করে।

তিনি আরও বলেন, চীন তার কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।