...|...|...

বিশ্ব

চিলির বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বৃদ্ধার মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৮
Shares
চিলির বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বৃদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত

চিলির একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন প্রবীণ বাসিন্দা নিহত হয়েছেন। 

শনিবার (১২ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

বিবিসির তথ্যমতে, রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার (৪০০ মাইল) দক্ষিণে অবস্থিত ‘এল এদেন’ বৃদ্ধাশ্রমে গত শুক্রবার সন্ধ্যায় এই আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় আরও ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মামলার তদন্তের দায়িত্বে থাকা প্রসিকিউটর হোর্হে গ্রানাডা জানিয়েছেন, ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, তা এই মুহূর্তে স্পষ্ট নয়।

চিলির প্রেসিডেন্ট জোসে আন্তোনিও কাস্ত দেশজুড়ে বৃদ্ধাশ্রমগুলোর সার্বিক অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট কাস্ত বলেন, কী ঘটেছে তা পরিষ্কার করতে, নজরদারি বা প্রতিরোধে কোথায় ত্রুটি ছিল তা চিহ্নিত করতে, কী কী সতর্কতা জারি করা হয়েছিল এবং সে অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল—তা নির্ধারণে আমরা বিচার বিভাগের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব।

তিনি আরও বলেন, আমাদের সত্য জানতে হবে এবং তার ওপর ভিত্তি করে যা সংশোধন করা প্রয়োজন তা করতে হবে, যাতে এই ধরনের ট্র্যাজেডি যেন আর কখনো না ঘটে তার জন্য সম্ভাব্য সব কিছু করা যায়।

এদিকে, শুক্রবার রাত আড়াইটার দিকে লাগা এই আগুন অবশেষে শনিবার সকালে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। শনিবার দিনভর দমকলকর্মীরা ধ্বংসাবশেষ পরিষ্কার ও ধসে পড়া ঢেউখেলানো টিনের ছাদ অপসারণের কাজ চালিয়ে যান। নিরাপত্তার স্বার্থে পুলিশ পুরো এলাকা কর্ডন করে ঘিরে রাখে।

স্থানীয় মেয়র জাকলিন রোমেরো বলেন, এটি এমন এক পরিস্থিতি যা আমাদের বুক ভীষণ শোকে ও ব্যথায় ভরে দিয়েছে। আমরা পরিবারগুলোকে সহায়তা প্রদান করে যাচ্ছি।