...|...|...

স্বাস্থ্য

চিকিৎসকরা ডায়াগনস্টিক সেন্টার থেকে বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৯
Shares
চিকিৎসকরা ডায়াগনস্টিক সেন্টার থেকে বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার তথ্য পাওয়া গেছে।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৯১ পৃষ্ঠার এই গবেষণায় স্বাস্থ্য খাতের সুশাসন, চিকিৎসাসেবার মান, নিয়োগপ্রক্রিয়া, সরকারি কেনাকাটা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।

গবেষণায় অনুমান করা হয়েছে, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী পাঠানোর বিনিময়ে কমিশন লেনদেনের বার্ষিক পরিমাণ প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার ক্ষেত্রেও বড় ধরনের অনিয়মের চিত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) ক্রয় কার্যক্রমে ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২৮৩ কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম ব্যবহার ছাড়াই পড়ে থাকার বিষয়টি শনাক্ত করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাজারদরের তুলনায় ১৮ গুণ বেশি অর্থ ব্যয় করে সরঞ্জাম কেনার নজিরও পাওয়া গেছে।

প্রতিবেদনে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের হয়রানি ও অবৈধ অর্থ আদায়ের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। হাসপাতালে শয্যা পাওয়া, অস্ত্রোপচারের সময় নির্ধারণ কিংবা ছাড়পত্র সংগ্রহের মতো সেবার ক্ষেত্রেও রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

এমন একটি ঘটনায় অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে এক বয়স্ক রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ ওই ওয়ার্ডে অস্ত্রোপচারের ব্যবস্থাই ছিল না। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট কর্মচারীকে শাস্তি না দিয়ে অন্যত্র বদলি করা হয়।

চিকিৎসকদের অনুপস্থিতিকে সরকারি স্বাস্থ্যসেবার অন্যতম বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে গবেষণায়। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে পরিচালিত অন্য একটি গবেষণায় অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার তথ্যও উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালন না করেও সরকারি বেতন-ভাতা গ্রহণের ঘটনা স্বাস্থ্য খাতের জবাবদিহির ঘাটতি নির্দেশ করে। একই সাথে দেশের ১ লাখ ৮০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতি ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক দুর্বলতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও উল্লেখ করা হয়।

স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সাথে সংশ্লিষ্ট। পর্যালোচনার আওতায় থাকা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী কিংবা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিএমডিসিতে জমা পড়া ১৭২টি অভিযোগের মধ্যে ৭৯টি নিষ্পত্তি হয়নি। আর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মাত্র ২৯টি ঘটনায়।

এদিকে, দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১১৮টিতে। তবে প্রতিষ্ঠান বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মান নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী হয়নি।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গবেষণাটির অন্যতম সম্পাদক ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে সুশাসনের দুর্বলতা, স্বার্থের সংঘাত, জবাবদিহির অভাব এবং তদারকির ঘাটতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব অনিয়ম বন্ধ করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রাতিষ্ঠানিক পর্যায়ে নৈতিকতা ও সততার চর্চাও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির পাশাপাশি অনিয়মের সুযোগ তৈরি করে এমন ব্যবস্থাগুলোও সংস্কার করতে হবে। আর্থিক দুর্নীতির বাইরেও বিশেষ গোষ্ঠীর সুবিধার জন্য নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রভাবিত করার বিষয়টিকে দুর্নীতির অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

স্বাস্থ্য খাতের অনিয়ম কমাতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর আইনি ব্যবস্থা গড়ে তোলা।

এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের বিশেষ প্রণোদনা এবং সরকারি কেনাকাটার তথ্য প্রকাশের সুপারিশ করা হয়েছে।

চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে সেগুলোর ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে রোগীদের প্রতিনিধিত্ব এবং স্বাধীন আপিলব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী ও আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিনের সম্পাদনায় প্রকাশিত প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। গবেষণা কার্যক্রমে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।