...|...|...

স্বাস্থ্য

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

শিশু থেকে বৃদ্ধ, সব বয়সেই বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৫
Shares
শিশু থেকে বৃদ্ধ, সব বয়সেই বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ছবি: সংগৃহীত

দেশে ডায়াবেটিসের বিস্তার ক্রমেই বাড়ছে। শহর থেকে গ্রাম, শিশু থেকে প্রবীণ-কেউই এ রোগের ঝুঁকির বাইরে নন। উদ্বেগের বিষয়, আক্রান্তদের বড় একটি অংশ জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। রোগ শনাক্ত হওয়ার আগেই অনেকের শরীরে দেখা দিচ্ছে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ুজনিত নানা অসুস্থতা।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখে পৌঁছাতে পারে। তখন বিশ্বে বাংলাদেশের অবস্থান হতে পারে সপ্তম।

এমন পরিস্থিতিতে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত রক্ত পরীক্ষা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সচেতনতা, সুষম খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।

শনাক্তের বাইরে বিপুলসংখ্যক রোগী

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্কের ডায়াবেটিস শনাক্তের বাইরে ছিল। অন্যদিকে, বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে এ রোগের প্রকোপ ১৬ থেকে ১৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও পারিবারিক ইতিহাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল ও দৃষ্টিশক্তি হারানোর মতো জটিলতা দেখা দিতে পারে।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, শরীরের ওজন ৫ থেকে ৬ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তার মতে, জীবনযাত্রায় এ পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ডায়াবেটিসের প্রবণতা ৫৮ শতাংশ এবং ভারতে ২৮ শতাংশ কমেছে।

গর্ভকালীন ডায়াবেটিসেও ঝুঁকি

গর্ভাবস্থায় ডায়াবেটিস শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে মা ও শিশুর নানা জটিলতা দেখা দিতে পারে। বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান প্রসব এবং নবজাতকের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে।

গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়। এ জন্য সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।

তৃণমূল পর্যায়ে চিকিৎসা বাড়ানোর তাগিদ

দেশে ডায়াবেটিস চিকিৎসা এখনও অনেকটা শহরকেন্দ্রিক। জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধের সহজপ্রাপ্যতা সীমিত।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাশ্রয়ী ওষুধের তালিকা তৈরি করে সারা দেশে সরবরাহ নিশ্চিত করা জরুরি।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আট দফা সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ৩৫ বছরের বেশি বয়সীদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা, গর্ভবতী নারীদের পরীক্ষা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা চালু, বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করা।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস মোকাবিলায় রোগ শনাক্তের পাশাপাশি প্রতিরোধ, নিয়মিত চিকিৎসা ও জনসচেতনতা বাড়াতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগের জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।