...|...|...

সারাদেশ

চাঁদার হুমকিতে ১৭ দিন বন্ধ ফার্মেসি, খুলতেই বোরকা পরা দুর্বৃত্তদের গুলি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৯:২৮
Shares
চাঁদার হুমকিতে ১৭ দিন বন্ধ ফার্মেসি, খুলতেই বোরকা পরা দুর্বৃত্তদের গুলি

ছবি: টাইমস টুডে

চাঁদা দাবির হুমকিতে ১৭ দিন বন্ধ ছিল ওষুধের দোকান। পুলিশের সহযোগিতায় আবারও চালু হয়েছিল ব্যবসাপ্রতিষ্ঠানটি। কিন্তু তাতেও কাটেনি নিরাপত্তাহীনতা। এবার সেই চয়ণিকা ফার্মেসিতে ঢুকে গুলি চালিয়েছে বোরকা পরা দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ফার্মেসির মালিকের ছেলে। প্রশ্ন উঠেছে, আগের চাঁদাবাজির হুমকির সাথে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ৪৭ নম্বর বাড়িতে অবস্থিত চয়ণিকা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। আহত জারিফুজ্জামান জারিফ (২৬) ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বোরকা পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে ফার্মেসিতে প্রবেশ করে জারিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। পরে ফার্মেসির কর্মচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, অজ্ঞাত ব্যক্তিদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ১৭ দিন বন্ধ ছিল চয়ণিকা ফার্মেসি। পরে খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ফার্মেসির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং ম্যানেজারকে তুলে নেওয়ার হুমকির অভিযোগ প্রকাশিত হয়েছিল। অভিযোগ ছিল, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়। পরে অস্ত্রধারী দুই ব্যক্তি ফার্মেসিতে গিয়ে হুমকি দেয়। নিরাপত্তার কারণে তখন দোকান বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ।

তবে দোকান পুনরায় চালু হওয়ার পরও কেন এমন হামলার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চাঁদা না পেয়ে কি এবার গুলি চালানো হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিরোধ? বোরকা পরে আসা হামলাকারীদের পরিচয়ই বা কী?

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

খুলনা মহানগর পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ জারিফের সাথে কথা বলেছেন। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

চাঁদাবাজির হুমকি-১৭ দিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, পুলিশের সহযোগিতায় পুনরায় চালু এবং শেষ পর্যন্ত গুলির ঘটনা—সব মিলিয়ে চয়ণিকা ফার্মেসিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

চাঁদাবাজির হুমকির পরও কেন নিরাপদ থাকতে পারলেন না ব্যবসায়ী? পুলিশের সহযোগিতায় চালু হওয়া প্রতিষ্ঠানেই কীভাবে ঘটল গুলির ঘটনা? আর বোরকা পরে গুলি চালিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করতে পারবে কি পুলিশ? এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের অপেক্ষায়।