সারাদেশে আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী রবিবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। পরবর্তী সময়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।
সোমবারও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া শুষ্ক থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


