...|...|...

সারাদেশ

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪২
Shares
চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দায়িত্ব পাওয়ার পর মো. ইদ্রিস মিয়া বলেন, নগরবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসার সেবার মান উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহের সক্ষমতা বৃদ্ধি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং গ্রাহক হয়রানি কমানোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, ওয়াসার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করা, পাশাপাশি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও কাজ করা হবে।

চট্টগ্রাম ওয়াসার সামনে বর্তমানে পানি সরবরাহের সক্ষমতা বৃদ্ধি, পয়ঃনিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নে গতি আনা, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

এদিকে ওয়াসার বকেয়া আদায়েও সাম্প্রতিক সময়ে তৎপরতা বাড়ানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সাধারণ গ্রাহক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে বর্তমানে মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে।