...|...|...

সারাদেশ

দিনে-দুপুরে ক্যাশ লুট, ২ লাখ টাকা নিয়ে উধাও নারী

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৬
Shares
দিনে-দুপুরে ক্যাশ লুট, ২ লাখ টাকা নিয়ে উধাও নারী

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

মৌলভীবাজার শহরে অভিনব কৌশলে একটি মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে ২ লাখ ১৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বোরকা পরা দুই নারী চোর চক্রের সদস্য এ ঘটনা ঘটিয়েছে। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের মনু নদের পাড়ে চাঁদনীঘাট মাছ বাজারের সামনে জিহান এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই নারী বোরকা পরে দোকানে প্রবেশ করেন। একজন দোকানের বাইরে দাঁড়িয়ে আইসক্রিম কেনার অজুহাতে দোকান মালিক ফয়েজ আহমদকে ব্যস্ত রাখেন এবং কৌশলে তাকে ক্যাশ বাক্স থেকে আড়াল করে রাখেন। এ সময় অপর নারী দ্রুত ক্যাশ বাক্সের কাছে গিয়ে ২ লাখ ১৩ হাজার টাকা নিয়ে বোরকার ভেতরে লুকিয়ে দ্রুত সটকে পড়েন।

ভুক্তভোগী দোকান মালিক ফয়েজ আহমদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখেও নারীদের চিনতে পারিনি। মুখ ঢাকা ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা করছে।