চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রাশেদুল হাসান (৪০) নামে এক যুবককে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
শনিবার ডেমরা থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাশেদুল হাসান পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর বন্দর এলাকার মো. আবু জাফরের ছেলে।
এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে রাশেদুলকে গ্রেফতারে এসআরবি-১০-এর কাছে অধিযাচনপত্র পাঠানো হলে ঢাকায় গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে দুই ব্যক্তি চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা ৪র্থ আদালতে যান। তারা নিজেদের হাইকোর্ট বিভাগের পিএ হিসেবে পরিচয় দিয়ে একটি মামলার রায়সংক্রান্ত তথ্য জানতে চান এবং সংশ্লিষ্ট নথি দেখতে চান।
একপর্যায়ে তারা আদালতের স্টেনোগ্রাফার মো. আলী হোসেনের কক্ষে গিয়ে মামলার নথিটি দেখতে চান। স্টেনোগ্রাফার নথিটি বের করে তাদের দেখানোর পর সাময়িকভাবে কক্ষের বাইরে যান। এই সুযোগে ওই দুই ব্যক্তি নথিটি নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরে নথিটি না পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানান স্টেনোগ্রাফার। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেফতারের পর রাশেদুল হাসানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


