চট্টগ্রাম নগরের ব্যস্ততম কাজীর দেউড়ি মোড়ের একটি ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠল প্রেমের বার্তা। সেখানে লেখা, ‘I Love You Sanzida. Tazim Loves You!’ সাথে ছিল লাল রঙের ভালোবাসার প্রতীক। বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিচিত বিলবোর্ডে এমন ব্যক্তিগত প্রেম নিবেদনের দৃশ্য মুহূর্তেই পথচারীদের নজর কাড়ে। সেই সাথে তৈরি হয়েছে কৌতূহল—কে এই সানজিদা, আর কে তাজিম?
সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রচারে ব্যবহৃত হয় এসব ডিজিটাল বিলবোর্ড। তবে এবার সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে জানাতে বিলবোর্ডকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তাজিম নামের এক ব্যক্তি।
বিলবোর্ডে বার্তাটি দেখা গেলেও তাজিম ও সানজিদার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তাদের মধ্যকার সম্পর্ক কিংবা এমন ব্যতিক্রমী আয়োজনের পেছনের কারণও স্পষ্ট নয়।
এদিকে ব্যস্ত সড়কে এমন প্রেম নিবেদনের দৃশ্য দেখে পথচারীদের মধ্যে দেখা দেয় বিস্ময় ও কৌতূহল। অনেকে দাঁড়িয়ে বার্তাটি দেখেন, কেউ কেউ মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।
প্রেম প্রকাশের প্রচলিত মাধ্যম ফুল, চিঠি কিংবা উপহারের বদলে ডিজিটাল বিলবোর্ডে ভালোবাসার বার্তা প্রচারের এই আয়োজন নগরবাসীর কাছে বেশ ব্যতিক্রমী হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন।
তবে তাজিমের এই প্রকাশ্য ভালোবাসার বার্তার জবাবে সানজিদা কী বলবেন, তা নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। শেষ পর্যন্ত এই ব্যতিক্রমী প্রেম নিবেদনের পরিণতি কী হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।


