হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এএসআই অতনু বণিককে থানার পুকুরপাড়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওতে ১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে এক ব্যক্তিকে মামলায় ফাঁসানোর পরিকল্পনা করার অভিযোগ ওঠে।
ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ভিডিওতে থাকা ব্যক্তি এএসআই অতনু বণিক।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওটি গত মার্চ মাসের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


