...|...|...

সারাদেশ

ভিডিও ইস্যুতে বহিষ্কার এনসিপি নেতা, বললেন ‘ভিডিওটি ফেক’

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫০
Shares
ভিডিও ইস্যুতে বহিষ্কার এনসিপি নেতা, বললেন ‘ভিডিওটি ফেক’

কিশোরগঞ্জের ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হলেও নাজমুল ঠাকুর দাবি করেছেন, ভিডিওটি ভুয়া ও অস্পষ্ট এবং এতে থাকা ব্যক্তি তিনি নন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল ঠাকুরকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে নাজমুল ঠাকুরকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তবে নাজমুল ঠাকুর ভিডিওটির সাথে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। এক বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি মানহানির উদ্দেশ্যে আমার নামে একটি ফেক ও অস্পষ্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওতে দাবি করা ব্যক্তি আমি নই।”

তিনি আরও দাবি করেন, ইটনার কিছু অমীমাংসিত বিষয়ে তিনি জনস্বার্থ ও মানুষের কল্যাণে হস্তক্ষেপ করেছেন। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে একটি শ্রেণি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সেই ষড়যন্ত্রের অংশ।

নাজমুল ঠাকুর জানান, ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য মেটাডাটা ও ফ্রেম-বাই-ফ্রেম বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক তথ্য পাওয়ার জন্য ভিডিওটি সংশ্লিষ্ট বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, শিগগিরই রিপোর্ট হাতে আসবে। সেই পর্যন্ত সবাইকে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করার অনুরোধ করছি।

এদিকে, দলীয় বহিষ্কার বিজ্ঞপ্তিতে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়নি। একইভাবে ভিডিওটির সত্যতা নিয়ে স্বাধীন কোনো প্রযুক্তিগত বিশ্লেষণের প্রতিবেদনও এখনো প্রকাশ্যে আসেনি। ফলে ভিডিওতে থাকা ব্যক্তি নাজমুল ঠাকুর কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও ভিডিওটির প্রযুক্তিগত বিশ্লেষণের প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।