...|...|...

সারাদেশ

ঘুমন্ত দুই শিশুকে রেখে বাইরে যান মা; আগুনে একজন অঙ্গার, অন্যজন হাসপাতালে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৫
Shares
ঘুমন্ত দুই শিশুকে রেখে বাইরে যান মা; আগুনে একজন অঙ্গার, অন্যজন হাসপাতালে

অগ্নিকাণ্ডের ছবি। ভিডিও থেকে নেওয়া

ঘরে ঘুমিয়ে ছিল দুই ভাইবোন। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। আগুনের তীব্রতায় ঘর থেকে বের হওয়ার সুযোগ পায়নি তারা। এতে ঘটনাস্থলেই পুড়ে প্রাণ হারায় দুই বছরের শিশু আনাছ হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার বড় বোন মরিয়ম আক্তারকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে শিশু দুটির পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নিহত আনাছ হোসেন ও দগ্ধ মরিয়ম আক্তার ওই বাড়ির মো. নাজির আহমেদের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় নাজির আহমেদ ও তার ভাই নেছার আহমেদের বসতঘরে শিশুরা ঘুমিয়ে ছিল। হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে আটকা পড়ে দুই শিশু। পরে আনাছের লাশ উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ মরিয়মকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই নাজির আহমেদ ও নেছার আহমেদের দুটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইবনে জায়েদ বলেন, অগ্নিকাণ্ডে দুই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বোনও গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে।