যুক্তরাজ্যে ইরানবিরোধী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। ব্রিটিশ পুলিশের দাবি, এই মামলাটি যুক্তরাজ্যে ইরানের ক্রমবর্ধমান গোয়েন্দা তৎপরতার চিত্র তুলে ধরেছে।
৪১ বছর বয়সী মোস্তফা সেপাহভান্দকে উলউইচ ক্রাউন কোর্ট দুটি অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। অন্যদিকে ৪৬ বছর বয়সী ফারহাদ জাভাদি মানেশ যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় একটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে প্রণীত ওই আইনের আওতায় এই প্রথম ইরানি নাগরিকদের দোষী সাব্যস্ত করা হলো। বিদেশি রাষ্ট্রের হুমকি মোকাবিলায় আইনটি চালু করা হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, ইরানসহ কয়েকটি দেশের পক্ষ থেকে এ ধরনের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স বলেন, মোস্তফা সেপাহভান্দ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অথবা ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা মধ্যস্থতাকারীদের নির্দেশনায় কাজ করতেন।
তিনি বলেন, এই মামলা যুক্তরাজ্যের জন্য ইরান থেকে আসা ‘চলমান ও ক্রমবর্ধমান হুমকি’কে সামনে এনেছে।
তবে গুপ্তচরবৃত্তির সাথে জড়িত থাকার অভিযোগ ইরান বারবার অস্বীকার করেছে। ২০২৫ সালের মে মাসে সেপাহভান্দসহ অন্যদের গ্রেফতারের ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, এসব গ্রেফতারের ঘটনায় তিনি ‘উদ্বিগ্ন’।


