...|...|...

লাইফস্টাইল

গুগল ম্যাপেই জানুন আপনার এলাকার বাতাস কতটা দূষিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০০
Shares
গুগল ম্যাপেই জানুন আপনার এলাকার বাতাস কতটা দূষিত

ছবি: সংগৃহীত

বায়ুদূষণের কারণে বাড়ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য, নির্মাণকাজের ধুলাবালু ও আবহাওয়ার প্রভাবে একেক এলাকায় বায়ুর মান একেক রকম হতে পারে। তবে নিজের এলাকার বাতাস কতটা দূষিত, তা জানতে এখন আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই। গুগল ম্যাপসের ‘এয়ার কোয়ালিটি’ সুবিধা ব্যবহার করেই সহজে জানা যাবে বাতাসের বর্তমান অবস্থা।

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে যেকোনো সময় এ সুবিধা ব্যবহার করা যায়। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে গুগল ম্যাপসের এই ফিচার ব্যবহারের পদ্ধতি তুলে ধরা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে মানচিত্রের মাধ্যমে নিজের এলাকার বায়ুর মান যাচাই করবেন।

প্রথমে স্মার্টফোনে গুগল ম্যাপস অ্যাপের সর্বশেষ সংস্করণ চালু করতে হবে। এরপর সার্চ বারে নিজের এলাকার নাম, ঠিকানা কিংবা পরিচিত কোনো স্থাপনার নাম লিখে খুঁজতে হবে। চাইলে ফোনের লোকেশন সুবিধা চালু করে সরাসরি নিজের বর্তমান অবস্থানও নির্বাচন করা যাবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এরপর অ্যাপের ওপরের ডান পাশে থাকা ‘লেয়ারস’ আইকনে ট্যাপ করতে হবে। সেখানে বিভিন্ন অপশনের মধ্য থেকে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলেই মানচিত্রে সংশ্লিষ্ট এলাকার বায়ুর মান বিভিন্ন রঙে দেখা যাবে।

কোনো নির্দিষ্ট স্থানের বায়ুদূষণ সম্পর্কে বিস্তারিত জানতে মানচিত্রের ওই স্থানে ট্যাপ করতে হবে। এ ছাড়া বায়ুর মান পর্যবেক্ষণকেন্দ্রের চিহ্নে ক্লিক করলেও সংশ্লিষ্ট এলাকার দূষণের মাত্রা ও অন্যান্য তথ্য পাওয়া যাবে।

বাতাসের মান বোঝাতে যেসব রং ব্যবহার করা হয়

গুগল ম্যাপসে বায়ুর গুণগত মান বোঝানোর জন্য ছয় ধরনের রং ব্যবহার করা হয়েছে। প্রতিটি রং বাতাসের দূষণের ভিন্ন মাত্রা নির্দেশ করে।

সবুজ রং দিয়ে ভালো মানের বাতাস বোঝানো হয়। হলুদ রং নির্দেশ করে মাঝারি মানের বাতাস। কমলা রং সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর বায়ুর সংকেত। লাল রং অস্বাস্থ্যকর, বেগুনি রং খুবই অস্বাস্থ্যকর এবং গাঢ় মেরুন রং বিপজ্জনক বায়ুর মান নির্দেশ করে।

তবে শুধু রঙের ওপর নির্ভর করে বাতাসের অবস্থা নির্ধারণ করা ঠিক নয়। এ ক্ষেত্রে মানচিত্রে প্রদর্শিত এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআইয়ের সংখ্যাগত মান এবং সংশ্লিষ্ট শ্রেণিও দেখে নেওয়া জরুরি।