...|...|...

আবহাওয়া

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৮
Shares
বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা

সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৬৪। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির তালিকায় ৪৯৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক ২১৯।

এ ছাড়া ২১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।

বায়ুমান সূচকে কোন স্কোরের অর্থ কী?

বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে কোনো এলাকার বাতাস কতটা দূষিত এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর যত বেশি হয়, বায়ুদূষণের মাত্রাও তত বেশি বলে বিবেচিত হয়।

প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সেই হিসাবে ঢাকার ১৬৪ স্কোরের অর্থ হলো, রাজধানীর বর্তমান বায়ুমান সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, শ্বাসকষ্টে আক্রান্ত এবং হৃদ্‌রোগীদের এ সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।