...|...|...

আবহাওয়া

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৪
Shares
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

রবিবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। এটি রোববার সকাল ৬টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়। গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অন্যদিকে, ভারতের আবহাওয়া অধিদফতরের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে এর গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে নতুন পূর্বাভাস পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ অক্টোবর ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ওই ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার।